ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান, জরিমানা

প্রকাশ: ১৪:০৮, ২০ জুলাই ২০২৬

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান, জরিমানা

রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

অভিযানে সাতটি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গাঁজাসহ একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকার ফুটপাত ও স্টেশনসংলগ্ন স্থান থেকে অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সাতটি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

অভিযান চলাকালে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের এ-গেটের সিঁড়ি থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমটিসিএলের দাবি, অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

অভিযানে এমআরটি পুলিশ, ডিএমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন