শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১, ৪ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্টেশন প্রাঙ্গণে “সচেতন শায়েস্তাগঞ্জবাসী”-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ছিনতাই, চুরি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। ফলে সাধারণ যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুর হাসান রতন ও সাংবাদিক আল আমিন সাঈফী।
এছাড়াও উপস্থিত ছিলেন তুফায়েল আহমেদ, ইমরান তালুকদার, সাংবাদিক মুজিবুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত টহল জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।