শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১১:০৪, ২৪ জুন ২০২৬
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চাটমোহর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মো. শামীমের মাধ্যমে স্মারকলিপিটি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে প্রেরণের জন্য আবেদন করা হয়। এ সময় উপাচার্যের সুপারিশও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাবিপ্রবিতে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম কুড়িগ্রাম এক্সপ্রেস হলেও ট্রেনটির চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় শিক্ষার্থীদের নাটোর স্টেশনে নেমে অতিরিক্ত পথ অতিক্রম করে বাসযোগে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বিশেষ করে নারী শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং রাতের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
শিক্ষার্থীরা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস চাটমোহর স্টেশন হয়ে চলাচল করলেও সেখানে কোনো যাত্রাবিরতি নেই। অথচ চাটমোহর রেলওয়ে স্টেশনটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকটতম রেলস্টেশন। এখানে যাত্রাবিরতি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ আশপাশের জেলার যাত্রীরাও উপকৃত হবেন।
আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, চাটমোহর স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনপত্রটি রেলওয়ে মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে।”
স্মারকলিপিতে বিষয়টি মানবিক ও জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।