শিরোনাম
প্রকাশ: ০১:৩৫, ১৫ আগস্ট ২০২৬
রেলওয়ের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্বে থেকেও রেললাইনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে ভাঙারি দোকানে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় হুমায়ুন কবির (৩৩/৩৫) নামে এক ওয়েম্যানকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আটকের সময় তার কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম রেলওয়ের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রেললাইনের নাট-বল্টু ও ফিসপ্লেটসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে।
আরএনবি সূত্রে জানা যায়, আখাউড়া এলাকায় রেলওয়ের এসব মালামাল খুলে চুরি করে ভাঙারি দোকানে বিক্রির চেষ্টা করছিলেন হুমায়ুন কবির। বিষয়টি জানতে পেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
রেললাইনের নাট-বল্টু ও ফিসপ্লেট রেলপথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সরঞ্জাম খুলে নেওয়ার ফলে রেললাইনে ঝুঁকি তৈরি হয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিতে পারে।
এ ঘটনায় আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরি করা রেলওয়ের মালামালের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।