ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৩১ শ্রাবণ ১৪৩৩

ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালিতে ধাক্কা লেগে পড়ে গেলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রকাশ: ০১:২৩, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২৩, ১৫ আগস্ট ২০২৬

ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালিতে ধাক্কা লেগে পড়ে গেলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রাজধানীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো নাগরিকদের কাছে তুলে ধরতে আয়োজিত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালিতে’ সাইকেল চালানোর সময় পাশে থাকা আরেক অংশগ্রহণকারীর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তবে এ ঘটনায় তিনি গুরুতর কোনো আঘাত পাননি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হওয়া র‍্যালিতে এ ঘটনা ঘটে।

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ৭টায় ঢাকা গেট থেকে র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। র‍্যালিতে প্রায় ৩০০ জন নাগরিক অংশ নেন। র‍্যালি চলাকালে সাইকেল চালানোর সময় হঠাৎ পাশে থাকা এক অংশগ্রহণকারীর সঙ্গে প্রতিমন্ত্রীর ধাক্কা লাগে। এতে তিনি সাইকেল থেকে পড়ে যান। পরে তিনি উঠে দাঁড়ান এবং গুরুতর কোনো আঘাত ছাড়াই র‍্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

র‍্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি মোড়, শাহবাগ, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ঢাকেশ্বরী মন্দির, বকশীবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, সচিবালয়, জাতীয় বার্ন ইনস্টিটিউট ও বঙ্গবাজার হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।

র‍্যালির উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর এবং ঐতিহ্যের ধারক ও বাহক। একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তরুণরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সাইকেল চালাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন। ‘আমার শহর, আমার দায়িত্ব’—এই চেতনা জাগ্রত করার মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন