ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩

সিলেট রেলওয়ে স্টেশনে স্বর্ণের চেইন ছিনতাইকালে হাতেনাতে গ্রেফতার ১: মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২২:২৯, ৯ আগস্ট ২০২৬

সিলেট রেলওয়ে স্টেশনে স্বর্ণের চেইন ছিনতাইকালে হাতেনাতে গ্রেফতার ১: মালামাল উদ্ধার

সিলেট রেলওয়ে স্টেশনে মেয়েকে ট্রেনে তুলে দিয়ে ফেরার পথে এক যাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাইকারীর শেষ রক্ষা হয়নি; পুলিশ ও স্থানীয়দের ধাওয়ায় হাতেনাতে গ্রেফতার হয়েছেন তিনি। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া চেইনটি।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টায় সিলেট রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামির নাম জহির মিয়া (৪৪)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার কাশিপুর (রূপিয়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কোতয়ালী থানার মনিপুরী রাজবাড়ী এলাকার বাসিন্দা রাজীব কুমার দাস (৬২) সকালে কালনী এক্সপ্রেস ট্রেনে মেয়েকে উঠিয়ে দেন। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্ত্রী মিতা দাসকে নিয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন। ২ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী জহির মিয়া রাজীব কুমার দাসের গলায় থাকা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের (১ ভরি ৫ রতি ৭ পয়েন্ট) ২৩ ইঞ্চি লম্বা একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ভিকটিমের চিৎকার ও ধাওয়ায় স্টেশনে দায়িত্বরত সিলেট রেলওয়ে থানা পুলিশ, টহলরত সিলেট মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় জনতা একজোট হয়ে ছিনতাইকারীকে ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জহির মিয়া ছিনতাইয়ের কথা স্বীকার করেন এবং উপস্থিত লোকজনের সামনে নিজের বাম হাতের মুঠি থেকে ছিনতাই করা চেইনটি বের করে দেন।

পরবর্তীতে রেলওয়ে থানার এসআই (নিঃ) দীপক চন্দ্র দাস সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত চেইনটি জব্দ তালিকাভুক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, ভিকটিম রাজীব কুমার দাস বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়। আটককৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন