ঢাকা, রোববার, ১৬ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩

আখাউড়ায় দুই স্থানে সিগন্যাল ক্যাবল ও যন্ত্রাংশ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার | আতাউর রহমান (সানি)

প্রকাশ: ১৯:০৯, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১০, ১৫ আগস্ট ২০২৬

আখাউড়ায় দুই স্থানে সিগন্যাল ক্যাবল ও যন্ত্রাংশ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুটি স্থানে রেলওয়ের সিগন্যাল ক্যাবল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এতে আখাউড়া বাইপাস ও আখাউড়া স্টেশন এলাকায় রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং ট্রেন চলাচল নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
জানা গেছে, আজ ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আখাউড়া বাইপাস স্টেশনের আপ সাইডে (চট্টগ্রাম-ঢাকা) লোকেশন বক্স/জেবি নং- ৯ ও ২-এর তালা ভেঙে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ সিগন্যাল সরঞ্জাম নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাবল, রিলে, বোর্ড, টার্মিনাল ও ট্র্যাক ফিড চার্জার।
চুরির পর 1T, 2T, 5T, DT, UT, A65T, 17T, 18T, A42T ও 42T ট্র্যাক ফেইল অবস্থায় রয়েছে। পাশাপাশি 1, 56 ও A42 সিগন্যালও ফেইল অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে আখাউড়া স্টেশনের দেবগ্রাম সাইডে W105 AT-এর ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
পরপর দুই স্থানে সিগন্যাল ক্যাবল ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় আখাউড়ার রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্নের পাশাপাশি যাত্রী ও রেলওয়ের সম্পদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, আখাউড়া এলাকায় রেলওয়ের বিভিন্ন স্থানে চুরির ঘটনা যেন দিন দিন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন