শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা জোরদারে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫ দফা দাবি:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ এবং হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (BREL)। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কাছে লিখিতভাবে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আজহারুজ্জামান স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের চিঠিতে এসব দাবি জানানো হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. কমলাপুর রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
২. স্টেশনে বড় আকারের সিসিটিভি মনিটর স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা।
৩. বিশেষ করে বিকেল ৫টার পর থেকে সারা রাত জিআরপি ও আরএনবি সদস্যদের সাদা পোশাকে দায়িত্ব পালনের ব্যবস্থা করা।
৪. স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আরএনবি ও জিআরপি সদস্যদের পৃথকভাবে দায়িত্ব বণ্টন করা।
৫. স্টেশনে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি হকার ও ভবঘুরেদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।
সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ এবং ট্রেনে অগ্নিকাণ্ডের মতো ঘটনায় রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য স্টেশনে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে।
চিঠিতে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের পক্ষ থেকে দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।