শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
রেলকর্মীদের ওপর হামলা-হুমকির অভিযোগ, নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডিআরএম বরাবর আবেদন।
ঢাকা: রাজধানীর টঙ্গী এলাকায় কর্তব্যরত বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অবৈধ বসতি স্থাপনকারী ও দোকানদারের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ স্থাপনা অপসারণ এবং কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর লিখিত অভিযোগ দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন ও অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
অভিযোগ দেওয়ার সময় প্রকৌশল বিভাগের কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের এজিএস এবং বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইমরুল কায়েস পলাশ।
অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএসএই/ওয়ে/টঙ্গীর অধীন ৭২ নম্বর গ্যাং এলাকায় কর্তব্যরত প্রকৌশল বিভাগের কর্মচারীদের সঙ্গে স্থানীয় কিছু অবৈধ বসতি স্থাপনকারীর অপ্রীতিকর ঘটনা ঘটে। রেললাইনের নিচ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কাজে কর্তব্যরত কর্মচারীরা বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একজন কিম্যানকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উভয় পক্ষকে নিবৃত্ত করতে গ্যাংয়ের মেইট এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে অবহিত করার পর সংশ্লিষ্ট অবৈধ বসতি স্থাপনকারীদের তিন কর্মদিবসের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য লিখিত অঙ্গীকার নেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত এসব স্থাপনা অপসারণ করা হয়নি।
এদিকে ৭৩ নম্বর গ্যাংয়ের বনমালা রেলগেট সংলগ্ন দোকানগুলোর ময়লা-আবর্জনা রেললাইনের পাশে ফেলার বিষয়েও অভিযোগ করা হয়েছে। আবেদনে বলা হয়, কর্তব্যরত কর্মচারীরা এসব আবর্জনা অপসারণ এবং ভবিষ্যতে রেললাইনের পাশে ময়লা না ফেলতে নিরুৎসাহিত করলে সংশ্লিষ্ট কয়েকজন দোকানদার তাদের অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।
বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, এ ধরনের ঘটনায় কর্তব্যরত কর্মচারীদের নিরাপত্তার পাশাপাশি স্বাভাবিক কর্মপরিবেশও বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে রেলপথের নিরাপত্তার বিষয়েও ঝুঁকি তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
অভিযোগে ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা অপসারণ, বনমালা রেলগেট সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং প্রকৌশল বিভাগের কর্মচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।