শিরোনাম
প্রকাশ: ১৫:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়লেও এখনই বাড়ছে না রেলের ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হলেও এখনই রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হলেও রেলযাত্রীদের জন্য আপাতত বাড়তি ভাড়ার চাপ আসছে না। রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এখনই রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই।
ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সড়কপথে যাতায়াতের খরচ বাড়লেও আপাতত আগের ভাড়াতেই ট্রেনে যাতায়াত করতে পারবেন রেলযাত্রীরা।