শিরোনাম
প্রকাশ: ১০:০৫, ৩১ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের পাঠানো ওষুধ নিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মৃত্যু বৃদ্ধের নাম গাজী মিয়া (৬৫) । তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ছেলে নোয়াখালী জেলায় কর্মরত এক পুলিশ কনস্টেবল। তিনি বাবার জন্য প্রয়োজনীয় ওষুধ ছুটিতে বাড়ি ফেরা সহকর্মী কনস্টেবল মেহেদি হাসানের মাধ্যমে পাঠান। আখাউড়া রেলওয়ে জংশনে মেহেদি হাসান গাজী মিয়ার হাতে ওষুধ তুলে দেন।
ওষুধ নেয়ার পর গাজী মিয়া ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ছেলের পাঠানো ওষুধ নিতে এসে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাজী মিয়ার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।