ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) দপ্তরে নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৯:৪৮, ৩০ জুলাই ২০২৬

টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) দপ্তরে নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের সংবর্ধনা

বাংলাদেশ রেলওয়ের টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) দপ্তরের উদ্যোগে নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের বরণ ও কর্মজীবনের শুভসূচনা উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সিআরবিস্থ টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) মো. আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসএই/রেডিও মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) তারেক মোহাম্মদ সামছ্ তুষার।

প্রধান অতিথির বক্তব্যে তারেক মোহাম্মদ সামছ্ তুষার নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও নিরাপদ ট্রেন পরিচালনায় সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের রেলওয়ের উন্নয়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর রেলব্যবস্থা গড়ে তুলতে দক্ষ মানবসম্পদই সবচেয়ে বড় শক্তি। তাই নিয়মিত প্রশিক্ষণ, আত্মউন্নয়ন এবং দলগত সমন্বয়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশের রেলখাতকে আরও এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) মো. আশিকুর রহমান নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি কর্মজীবনের প্রতিটি পর্যায়ে দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে নবযোগদানকৃত উপ-সহকারী প্রকৌশলীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের সফল কর্মজীবন ও বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে তাদের কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন