শিরোনাম
প্রকাশ: ১৬:৪৯, ৩১ জুলাই ২০২৬
গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের অদূরে রংপুরগামী ৭৭১ আপ রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটির ৩০২২ নম্বর ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হলেও এ ঘটনায় আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে অন্য কোনো ট্রেনের চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।
ঘটনার পরপরই লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। উদ্ধার অভিযান শেষে ইঞ্জিনটি পুনরায় লাইনে তোলার কার্যক্রম সম্পন্ন করা হবে।