শিরোনাম
প্রকাশ: ১৬:৪০, ২৯ জুলাই ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর স্টেশনে একটি কলেজ ট্রেন প্রবেশ করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন কাছাকাছি চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করলে অন্তত চারজন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনের জন্য প্রয়োজনীয় সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী সেতু প্রকৌশলী, লালমনিরহাট আফজাল হোসেন জানান, টিআই লালমনিরহাট ছহির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এসএসএই/লোকো লালমনিরহাট ইন্সপেক্টর কাজী সুমন এবং এসএসএই/সিগন্যাল জিয়াউল হক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।