শিরোনাম
প্রকাশ: ২১:৩৮, ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে কবির আহমেদ কেন্দ্রীয় সভাপতি এবং মোঃ সেলিম পাটওয়ারী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি শ্রমিকদের ঐক্য সুসংহত করে শোষণমুক্ত, সুশৃঙ্খল ও কল্যাণমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া গণরায়কে সম্মান জানানো এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন সময়ের দাবি। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ সনদ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষে নবনির্বাচিত সভাপতি কবির আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারী দেশব্যাপী আগত প্রতিনিধি, অতিথি এবং নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শ্রমিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।