ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে হাঁটতে গিয়ে পা পিছলে কিশোর নিহত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:২০, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:২০, ৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে হাঁটতে গিয়ে পা পিছলে কিশোর নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী রেললাইনের পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি চলন্ত ট্রেনের ছাদে ওই কিশোরকে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে সে ট্রেনের ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর একটি পাকা খুঁটির সঙ্গে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার বিপুল চাকমা জানান, আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা কিশোরটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন