শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:৩৩, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৩, ৫ অক্টোবর ২০২৬
ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে কর্তব্যরত অবস্থায় পাওয়ারকার অপারেটর মোহাম্মদ বদিউল আলমের ওপর জিআরপি পুলিশের সদস্যদের শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, চট্টগ্রাম জেলা শাখা।
অভিযোগ অনুযায়ী, ট্রেনে দায়িত্ব পালনকালে মোহাম্মদ বদিউল আলম (এলই-গ্রেড-৩) জিআরপি পুলিশের সদস্যদের দ্বারা লাঞ্ছিত হন। ঘটনার পর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের সিআরবি রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহত রেলওয়ে কর্মচারীকে দেখতে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, একজন সরকারি কর্মচারী চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনা রেলওয়ের কর্মীদের নিরাপত্তা ও দায়িত্ব পালনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত জিআরপি পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে আহত মোহাম্মদ বদিউল আলমের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।