শিরোনাম
আতাউর রহমান সানি
প্রকাশ: ১৭:৪৫, ৪ আগস্ট ২০২৬
শহীদ এম. মনসুর আলী স্টেশনে রেললাইন সচল, উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক:
আজ (৪ আগস্ট) বিকেল ৫টা ০৬ মিনিটে শহীদ এম. মনসুর আলী রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত সিলসিটি এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে রেললাইন সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী করা হয়েছে। উদ্ধারকাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইন ক্লিয়ার ঘোষণা করলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এর ফলে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগও স্বাভাবিক হয়ে আসে এবং নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার পর শহীদ এম. মনসুর আলী রেলস্টেশন থেকে প্রথম ট্রেন হিসেবে চিলাহাটি এক্সপ্রেস বিকেল ৫টা ০৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়া, লাইনচ্যুত সিলসিটি এক্সপ্রেস ট্রেনটিও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, আজ সকাল ১১টা ৫ মিনিটের দিকে শহীদ এম. মনসুর আলী রেলস্টেশন এলাকায় সিলসিটি এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বিকেলে রেললাইন সচল করা সম্ভব হয়।