শিরোনাম
প্রকাশ: ১৪:১২, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৪, ১১ আগস্ট ২০২৬
সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান, সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুসরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়াতে রেলপথ মন্ত্রণালয়ে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ে ‘সরকারি গোপন আইন, ১৯২৩, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, তথ্য অধিকার আইন, ২০০৯ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা’ শীর্ষক এ ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা প্রদান এবং সরকারি তথ্য ব্যবস্থাপনা ও যোগাযোগের ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করা।
প্রশিক্ষণে সরকারি গোপন আইন, ১৯২৩-এর বিভিন্ন দিক এবং সরকারি দায়িত্ব পালনের সময় সংবেদনশীল ও গোপনীয় তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। সরকারি দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রকাশ বা প্রচার না করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার, তথ্য প্রদানের প্রক্রিয়া এবং কোন ধরনের তথ্য প্রকাশযোগ্য বা আইনগতভাবে সংরক্ষিত—এসব বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইন অনুযায়ী তথ্য প্রদানের গুরুত্ব প্রশিক্ষণে তুলে ধরা হয়।
প্রশিক্ষণে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাগত আচরণ, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সরকারি তথ্য, দাপ্তরিক নথি বা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট নির্দেশিকা অনুসরণ, ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রে সতর্কতা এবং সরকারি দায়িত্ব ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি সমুন্নত রাখার বিষয়ে সচেতন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সরকারি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল, সংযত ও বিধিসম্মত আচরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।