শিরোনাম
প্রকাশ: ১২:২৬, ১০ আগস্ট ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে সরাসরি ট্রেন সার্ভিস। 'অভিযাত্রী কমিউটার' নামের নতুন এই ট্রেন চালুর খবরে গোপালগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এর মাধ্যমে অত্যন্ত কম খরচে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেটি গন্তব্যে পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রায় ৭০০ আসনের এই ট্রেনে ঢাকা যাতায়াতের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৪৫ টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কপথের তুলনায় অনেক কম খরচে যাতায়াতের এই সুযোগ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকাংশে লাঘব করবে।
গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই রুটে সরাসরি ট্রেন চালু হওয়াটা একটি বড় অর্জন। ভবিষ্যতে এই ট্রেনের সাথে লাগেজ বগি যুক্ত করা হলে গোপালগঞ্জের কৃষকরা নামমাত্র খরচে তাদের উৎপাদিত কৃষিপণ্য রাজধানীর বাজারে পাঠানোর সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসের অতিরিক্ত ভাড়া, যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকির কারণে ঢাকা যাতায়াতে একটি নিরাপদ ও সাশ্রয়ী রেল যোগাযোগের দাবি তাদের দীর্ঘদিনের ছিল। নতুন এই ট্রেন চালুর ফলে যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হবে, তেমনি জেলার সামগ্রিক অর্থনীতিতেও এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।
তবে ট্রেন চালুর এই আনন্দঘন মুহূর্তের মাঝেও স্থানীয়দের কেউ কেউ এর সময়সূচি নিয়ে কিছু প্রস্তাব রেখেছেন। তাদের মতে, ট্রেনটির সময়সূচি আরও যাত্রীবান্ধব করা প্রয়োজন। বিশেষ করে সকালে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন চালু করা হলে চাকরি, ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনে ঢাকায় গিয়ে মানুষের পক্ষে একই দিনে কাজ শেষে ফিরে আসা আরও সহজ হতো। তারপরও সবার সম্মিলিত প্রত্যাশা, নিয়মিত ও কার্যকর এই রেলসেবা নিশ্চিত করা গেলে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ ওই অঞ্চলসহ আশেপাশের জেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে এক অভাবনীয় গতি সঞ্চার করবে।