ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে, কারিগরি পরীক্ষার পর হস্তান্তর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:২৩, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২৩, ১৮ অক্টোবর ২০২৬

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে, কারিগরি পরীক্ষার পর হস্তান্তর

ভারত থেকে আমদানি করা ১৮টি রেল কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানা পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কোচগুলি দর্শনা স্টেশন থেকে ছেড়ে শনিবার (১৭ অক্টোবর) সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রবেশ করে।

রেল কারখানার ইয়ার্ডে রাখা কোচগুলির কারিগরি পরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার পর রেলওয়ের ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে বহরে কোচের সংকট দূর করতে ভারত থেকে এসব নতুন কোচ আমদানি করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ।

এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। কোচগুলো তৈরি করা হয়েছে ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা জেলায় অবস্থিত কাপুরথালা রেলওয়ে ওয়ার্কশপে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে কারখানায় আনা এসব কোচ এখনো উন্মুক্ত করা হয়নি। তবে খুব শিগগির খুলে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীর পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা কাজ করবেন। কোচগুলো সৈয়দপুর রেল কারখানায় পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিশনিং এবং ট্রায়াল রানের পর ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন