ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা

ইমন খান, বিশেষ প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৩৭, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০০, ১৮ অক্টোবর ২০২৬

রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা

রাজধানীর বড় মগবাজার পেয়ারাবাগ এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) জনাব সুলতান আলী, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) জনাব আনোয়ার হোসেন, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অস্ত্র শাখার অফিসার ইনচার্জ মেহেদী। এ ছাড়া ফোর্সসহ প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গও অভিযানে অংশ নেন।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত অংশের আওতায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জারি করা চিঠিতে বড় মগবাজার পেয়ারাবাগ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১৮ অক্টোবর সকাল ১০টার সময় নির্ধারণ করা হয়েছিল। উচ্ছেদ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়।

রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন