ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ অবসানের পর ভারত থেকে আসছে নতুন ১৮ কোচ

মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২:১১, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১২, ১৪ অক্টোবর ২০২৬

দীর্ঘ অবসানের পর ভারত থেকে আসছে নতুন ১৮  কোচ

ছবি: ইমন খাঁন

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি থেকে প্রথম চালানে ১৮টি নতুন এলএইচবি (LHB) ব্রডগেজ যাত্রীবাহী কোচ পাঠানো হয়েছে গত ১২ অক্টোবর । 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় প্রতিষ্ঠান RITES Ltd এ তথ্য জানায়।

ভারতীয় সংবাদমাধ্যম The Times of India জানায়, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির অংশ হিসেবে এই চালান পাঠানো হয়েছে। ২০২৪ সালে RITES-এর মাধ্যমে চুক্তিটি করা হয়।

প্রথম চালানে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডের কক্ষ ও মালপত্র রাখার ব্যবস্থা রয়েছে।

যাত্রীদের সুবিধা বাড়াতে কোচগুলোতে একাধিক অবস্থানে হেলানো যায় এমন আসন, স্টেইনলেস স্টিলের হাতল ও পায়ের ভর রাখার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে শিশুর যত্নের কক্ষ, নামাজ কক্ষ, সিসিটিভি নজরদারি এবং যাত্রী অ্যালার্ম ব্যবস্থা। এসি কোচে ফ্যান ও আংশিক খোলা যায় এমন জানালার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত চাহিদা বিবেচনায় কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা ৪১৫ ভোল্টে পরিচালনার উপযোগী করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ বিবেচনায় কোচের ছাদ শক্তিশালী করা হয়েছে। সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা বাড়াতে ইউরোপীয় মান EN 15227 অনুসরণ করে কোচের বডির নকশায়ও পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ও ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির মধ্যে কোচ সরবরাহের সহযোগিতা শুরু হয় ২০১৫–১৬ অর্থবছরে। ওই সময় বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল কারখানাটি।

তবে নতুন পাঠানো ১৮টি কোচ বাংলাদেশে কবে পৌঁছাবে এবং কোন রুটে চলাচল করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন