শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:৪৩, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৩, ১৮ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সিলেট রেলওয়ে জেলার আওতাধীন কুলাউড়ার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ। রোববার (১৮ অক্টোবর) তিনি সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ পূজামণ্ডপ দুটি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন করা মণ্ডপ দুটি হলো কুলাউড়া রেলওয়ে কলোনির হরিজন যুব সংঘ পরিনগর এবং শ্রী শ্রী কুলাউড়া রেলওয়ে কালীবাড়ী মন্দির।
পরিদর্শনকালে পুলিশ সুপার দেখতে পান, উভয় মন্দিরে অত্যন্ত সুশৃঙ্খল ও পরিপাটি পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করেন।
ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিলেট রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় সার্বক্ষণিক মোবাইল টহল, ফিক্সড ডিউটি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিলেট রেলওয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।