ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

রেলওয়ে কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পুরোনো মিথ্যা অভিযোগ পুনঃপ্রচার, প্রতিবাদ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:৫২, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৫, ১৮ অক্টোবর ২০২৬

রেলওয়ে কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পুরোনো মিথ্যা অভিযোগ পুনঃপ্রচার, প্রতিবাদ

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালে প্রকাশিত অভিযোগসংবলিত সংবাদ নতুন করে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। পুরোনো অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তাঁর পূর্ববর্তী বক্তব্য ও প্রতিবাদ উপেক্ষা করে এসব সংবাদ পুনঃপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। একই সঙ্গে তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

আনোয়ারুল ইসলামের দেওয়া প্রতিবাদলিপি অনুযায়ী, ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। তাঁর দাবি, পরবর্তী সময়ে কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রত্যাহার করে নেয়। তবে সম্প্রতি একই অভিযোগসংবলিত পুরোনো সংবাদ বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে আবারও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আনোয়ারুল ইসলামের দাবি, তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রদত্ত তথ্যমতে, আনোয়ারুল ইসলাম বর্তমানে পাহাড়তলীতে বাংলাদেশ রেলওয়ের সরঞ্জাম বিভাগে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইনভেন্টরি কন্ট্রোল ডিরেক্টর ও অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলওয়ের সরঞ্জাম ক্রয়, লোকোমোটিভ ও রেলকোচের রক্ষণাবেক্ষণসংশ্লিষ্ট যন্ত্রাংশ সরবরাহ এবং মজুত ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

তাঁর পেশাগত যোগ্যতার বিষয়ে দেওয়া তথ্যে বলা হয়েছে, সরকারি বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (CIPS) থেকে তিনি প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এ ছাড়া ইনভেন্টরি কন্ট্রোল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে ডিজিটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে।

একাধিক পদে দায়িত্ব পালন নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, রেলওয়েতে কর্মকর্তা সংকটের কারণে প্রশাসনিক প্রয়োজনে তাঁকে একাধিক পদের দায়িত্ব পালন করতে হয়েছে। এটি ব্যক্তিগত তদবিরের ফল নয় বলে দাবি করেন তিনি। সাবেক এক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সুবিধা গ্রহণ এবং মিষ্টি বিতরণসংক্রান্ত অভিযোগও অস্বীকার করেছেন এই কর্মকর্তা।

দুর্নীতিসংক্রান্ত অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলামের দাবি, যথাযথ কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।

সরকারি ক্রয় ও সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে প্রযোজ্য আইন, বিধিমালা এবং আর্থিক শৃঙ্খলা অনুসরণের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ক্রয়প্রক্রিয়া বা রানিং পারচেজ অর্ডার (RPO) নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা যথাযথ নথি ও প্রমাণের ভিত্তিতে যাচাই করা উচিত। তাঁর বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো অনুচিত।

প্রতিবাদলিপিতে আনোয়ারুল ইসলাম সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন