ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৮, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১৯, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালু

 

শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক ও রেলপথে বিশেষ পরিবহনসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলম। আজ থেকে এসব বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন খাতে অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ নামের এ সেবা আজ থেকে শনিবার পর্যন্ত পরিচালিত হবে।

বিআরটিসি জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় এই বিশেষ বাসসেবা চালু করা হয়েছে। এ জন্য সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

বিশেষ এই সেবার জন্য মোট ২০০টি বাস নির্ধারণ করেছে বিআরটিসি। এর মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা বাস রয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ বাসের বেশির ভাগই রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। এসব বাসে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামে যাতায়াত করা যাবে।

এ ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহনের জন্যও কিছু বিশেষ বাস চলবে।

যোগাযোগের ঠিকানা
দুর্গাপূজা বিশেষ বাসসেবা সম্পর্কে তথ্য জানতে বা প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।

টেলিফোন: ০২৪১০৫৩০৪২
মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯.

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন