শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৩৯, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪০, ১৯ অক্টোবর ২০২৬
পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানাধীন আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটারে চলন্ত আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটারে চলন্ত ট্রেনটির ‘জ’ বগির পশ্চিম পাশের করিডোর থেকে মো. ইমন আলী (২৯) নামের এক যুবককে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির পরিহিত প্যান্টের বাঁ পাশের পকেটে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম করে দুটি প্যাকেটে মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মো. ইমন আলী রাজশাহীর গোদাগাড়ী থানার ডুমুরিয়া (প্রেমতলা) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সাজ্জাদ আলী।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চলন্ত ট্রেনে মাদকদ্রব্য বহন ও পরিবহন প্রতিরোধে রেলওয়ে পুলিশের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।