শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৫৮, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৮, ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করতে গিয়ে ধারালো ছুরি দিয়ে হামলার চেষ্টার মুখে পড়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্য। এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে ছুরিসহ আটক করেন আরএনবির সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কপোতাক্ষ ট্রেনের যাত্রীদের মধ্যে ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মে এক ব্যক্তির চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই ফজলুর রহমান তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করতে যান। এ সময় ওই ব্যক্তি ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে এএসআই ফজলুর রহমানের ওপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত আরএনবির অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং ছুরিসহ ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ। তিনি রাজশাহীর চারঘাট থানার মেরামতপুর দিড়িপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আকছেদ আলী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই ব্যক্তি ধারালো ছুরি নিয়ে স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
পরবর্তীতে আরএনবি, আরবিআর প্রসিকিউশন চৌকির অফিসার ইনচার্জ (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
রেলস্টেশনের মতো জনবহুল স্থানে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।