ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এম. আর. মঞ্জু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৫৩, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৩, ১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন এম. আর. মঞ্জু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও দেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির আবহমান ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় আয়োজন হলেও এর আনন্দ ও উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে। দুর্গোৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

অ্যাডভোকেট এম. আর. মঞ্জু আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির পরিবেশ আরও জোরদার হবে।

তিনি বলেন, দুর্গোৎসবের ছুটিতে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ বাড়িতে যাতায়াত করবেন। এ সময় ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় রেলযাত্রা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে রেলস্টেশন, ট্রেন ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রেন পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি। যাত্রীসেবার মান উন্নয়ন, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা প্রত্যাশা করেন তিনি।

অ্যাডভোকেট এম. আর. মঞ্জু বলেন, উৎসবের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি দেশের সকল মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন