শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫৯, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫৯, ১৯ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে আসমা আক্তার নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী মো. রফিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন নিহতের বাবা মো. আবুল হোসেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধারের কথাও এজাহারে উল্লেখ রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে টঙ্গী জংশন রেলওয়ে স্টেশনের উত্তর দিকে হায়দরাবাদ এলাকার হান্নান মার্কেট থেকে মাওরারটেকগামী রাস্তা-সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত আসমা আক্তারের সঙ্গে রফিকুল ইসলামের প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হলে গত ১ অক্টোবর আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয় বলে দাবি করেছেন নিহতের বাবা।
এজাহারে আরও বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের ঘটনার জের ধরে রফিকুল ইসলাম পরিকল্পিতভাবে আসমাকে হত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। ঘটনার দিন স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে এবং আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আবুল হোসেন এ ঘটনায় রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ঢাকা রেলওয়ে থানায় এজাহার দিয়েছেন।