ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় পদ্মা সেতুতে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৩৯, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৯, ৪ নভেম্বর ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতুতে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় রেললাইন নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুতে সড়কপথের পাশাপাশি রেল যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনার সময় সেতুতে রেললাইন স্থাপনের বিষয়টি উত্থাপন করা হয়। এ সময় জানানো হয়, ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুতে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সেতু সচিবকে ডিও লেটার দেওয়া হয়েছিল এবং সেতুমন্ত্রীকেও বিষয়টি অবহিত করা হয়েছিল।

সেতু সচিব বৈঠকে বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রী এতে সম্মতি প্রকাশ করেন। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় রেললাইন নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নির্মিত প্রথম পদ্মা সেতুর (রোড-কাম-রেল সেতু) নির্মাণ ব্যয় সম্পর্কেও জানতে চান। ব্যয়ের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের মতামত শোনেন তিনি। পরে দ্বিতীয় পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের বিষয়টি সম্ভাব্যতা সমীক্ষায় অন্তর্ভুক্ত করে যাচাইয়ের পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-আকৃতির। একই বৈঠকে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় রেললাইন অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন