ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরের রায়পুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার দাবি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:২৬, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৬, ৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার দাবি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাকে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো আবেদনে রায়পুর উপজেলায় নতুন রেললাইন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন এবং যাত্রী চলাচলে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, রায়পুর উপজেলাকে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা গেলে লক্ষ্মীপুর জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে। এতে সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি স্থানীয় জনগণ নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সুবিধা পাবেন।

আবেদনের শেষাংশে রায়পুরে নতুন রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইসহ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করতে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন