ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রযুক্তিতে ভারতের প্রথম বুলেট ট্রেন নির্মাণ: গতি থাকবে ঘণ্টায় ২৮০ কিমি

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৩৬, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬, ৩ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রযুক্তিতে ভারতের প্রথম বুলেট ট্রেন নির্মাণ: গতি থাকবে ঘণ্টায় ২৮০ কিমি

ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে দেশটির প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের মাধ্যমে। বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) কারখানায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে চলেছে এই ট্রেনটির নির্মাণকাজ, যা মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে চলাচলের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। সম্প্রতি দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই উৎপাদন কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।

 

দেশটির আবহাওয়া ও পরিবেশগত দিক বিবেচনা করে তৈরি প্রায় ২০২ মিটার দীর্ঘ আট কোচের এই ট্রেনটির পরীক্ষামূলক সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৮০ কিলোমিটার এবং বাণিজ্যিক চলাচলের সময় এর গতি থাকবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। ট্রেনটিতে মোট ৫৫৭ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন। এর গঠনশৈলীতে রয়েছে চারটি মোটর কার ও চারটি ট্রেলার কার। এর মধ্যে সাতটি কোচে সাধারণ মানের (৩x২) এবং একটি কোচে এক্সিকিউটিভ শ্রেণির (২x২) আসনবিন্যাস রাখা হয়েছে। বিশেষ প্রয়োজনে দুটি আট কোচের ট্রেনকে যুক্ত করে ১৬ কোচের ট্রেন হিসেবেও এটি চালানো যাবে।

 

আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই বুলেট ট্রেনে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে রিলাইনিং সিট, ওয়াই-ফাই ভিত্তিক বিনোদন, এলইডি লাইটিং, ল্যাপটপ-মোবাইল চার্জিং পয়েন্ট এবং প্রশস্ত জানালা। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াত সহজ করতে হুইলচেয়ার উপযোগী দরজা, নির্দিষ্ট আসন, আধুনিক টয়লেট, ব্রেইল সাইনেজ এবং প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেঝের ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশবান্ধব এই ট্রেনটিতে বায়োডাইজেস্টার টয়লেটের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যুক্ত করা হয়েছে রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি। তাছাড়া উচ্চগতিতে চলার সময় বায়ুর বাধা ও শব্দ কমাতে এতে উন্নত অ্যারোডাইনামিকস ও সিএফডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আধুনিক রেল প্রযুক্তিতে ভারতের আত্মনির্ভরশীলতার এক অনন্য মাইলফলক।

 

#IndiaBulletTrain #BEML #MumbaiAhmedabadHSR #IndianRailway #HighSpeedRail #RailwayNews #TechnologyUpdate #MakeInIndia

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন