ঢাকা, রোববার, ৩১ মে ২০২৬

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭

দুই মাসের মধ্যেই বাংলাদেশে আসছে ভারতের তৈরি প্রথম ২০ কোচের চালান

মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।

প্রকাশ: ১৪:৪৬, ৩১ মে ২০২৬ | আপডেট: ১৪:৪৬, ৩১ মে ২০২৬

দুই মাসের মধ্যেই বাংলাদেশে আসছে ভারতের তৈরি প্রথম ২০ কোচের চালান

বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ২০০টি ব্রডগেজ (বিজি) এলএইচবি কোচের মধ্যে প্রথম ২০ কোচের চালান আগামী দুই মাসের মধ্যেই সরবরাহ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান RITES Limited। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) রাহুল মিথাল এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (২৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম The Indian Express-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জন্য নির্মিত ২০০ কোচের প্রকল্পটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। ইতোমধ্যে কোচগুলোর প্রোটোটাইপ অনুমোদন পেয়েছে এবং চূড়ান্ত উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে প্রথম ২০ কোচের রেক উৎপাদনের শেষ পর্যায়ে রয়েছে।

২০২৪ সালের ২০ মে বাংলাদেশ রেলওয়ে ও RITES Limited-এর মধ্যে ২০০টি ব্রডগেজ এলএইচবি কোচ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB)।

কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত Rail Coach Factory (RCF)-এ নির্মিত হচ্ছে। আধুনিক এলএইচবি প্রযুক্তির এসব কোচে অ্যান্টি-টেলিস্কোপিক বডি, ডিস্ক ব্রেকসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া এগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলাচলের উপযোগী।

চুক্তি অনুযায়ী, প্রথম চালানে ২০টি কোচ সরবরাহ করা হবে। এর মধ্যে ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং ১২টি নন-এসি কোচ থাকবে। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সব ২০০টি কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে RITES বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন রেল অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও কাজ করেছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের বহরে যাত্রীবাহী কোচের সংকট রয়েছে। বিদ্যমান কোচের প্রায় ৫৫ শতাংশ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন এলএইচবি কোচ যুক্ত হলে আন্তঃনগর ট্রেন পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন