শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোর দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফী।
অভিযানকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে স্টেশনের এ, বি, সি ও ডি গেটসংলগ্ন এলাকায় স্থাপিত অস্থায়ী দোকানপাটের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট স্থাপন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় এমআরটি পুলিশ, মিরপুর মডেল থানা পুলিশ এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।