ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের ঘোষণা অনুযায়ী মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল এলাকায় সব পোস্টার ও লিফলেট অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
সিটি করপোরেশন জানিয়েছে, হকার উচ্ছেদ ও পোস্টার অপসারণে ডিএনসিসির অভিযান চলমান রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হকার ও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
এর পাশাপাশি প্রশাসক ঘোষণা দিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিরপুর-১০ থেকে মিরপুর শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পিলারসহ বিভিন্ন স্থাপনা থেকে সব পোস্টার অপসারণের কাজ সম্পন্ন করা হবে। ডিএনসিসি প্রশাসকের নিজ দলীয় কর্মীদের সহায়তায় পরিষ্কার হচ্ছে মেট্রোরেলের স্টেশন পিলার।
নগরীর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএনসিসির এসব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।