ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটের কালীগঞ্জে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট

পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন একাই চলে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার স্টেশনের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভাণ্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে টের না পেয়ে চালক ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার এগিয়ে যান। মহাসড়ক ও রেললাইনের সংযোগস্থলে বগিগুলো আটকে পড়ায় উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, "লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।"

তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি এসে বগিগুলোর সঙ্গে যুক্ত হয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ আহত হননি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন