শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদকৃত হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট ফি পরিশোধ করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা বা বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ‘বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০’-এর ৫২, ৫৩ ও ৫৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে লিজ/লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারিকৃত আদেশটি ১ জুলাই ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। ফলে বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতারা ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের লাইসেন্স ফি হালনাগাদকৃত হারে পরিশোধ করতে পারবেন।
এ ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনা জরিমানায় লাইসেন্স ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ইতোমধ্যে পরিশোধ করা লাইসেন্স ফি পরবর্তী মেয়াদের দাবির সঙ্গে সমন্বয় করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রেলওয়ের সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লিজগ্রহীতাদের লাইসেন্স ফি পরিশোধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রেলওয়ের সম্পত্তি রক্ষা এবং রাজস্ব আদায়ে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।