শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর ট্রেন আসার সময় অল্প বয়সী এক যুবককে সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন লোকোমাস্টার। রবিবার (২৭ সেপ্টেম্বর) ৭৭৮ নম্বর হাওর এক্সপ্রেস ট্রেন সেতু অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে লোকোমাস্টার এনায়েত ধ্রুব তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, ব্রহ্মপুত্র রেলসেতুতে ওঠার আগে থেকেই তিনি কয়েকবার হুইসেল বাজাচ্ছিলেন। ট্রেনটির গতি তখন ঘণ্টায় আনুমানিক ৩৫ থেকে ৪০ কিলোমিটার ছিল।
তিনি বলেন, সেতুর কাছে পৌঁছে সোজা লাইনে আসার পর প্রায় ৫০ থেকে ৬০ গজ দূরে ছাতা মাথায় এক ব্যক্তিকে রেলসেতুর ওপর দিয়ে সামনে এগিয়ে যেতে দেখতে পান। সঙ্গে সঙ্গে থ্রটল আইডল করে ব্রেক প্রয়োগ করেন এবং বারবার হুইসেল দিতে থাকেন।
লোকোমাস্টারের ভাষ্য অনুযায়ী, হুইসেলের শব্দ শুনে ওই ব্যক্তি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে পেছনে ট্রেনের দিকে তাকান। এরপর সামনের দিকে দৌড়াতে শুরু করেন। এ সময় ট্রেনের গতি আরও নিয়ন্ত্রণে এনে প্রায় থামিয়ে দেওয়ার মতো ধীরগতিতে সেতু অতিক্রম করেন তিনি।
একপর্যায়ে ওই ব্যক্তি সেতুর এক পাশে দাঁড়ানোর মতো জায়গায় পৌঁছে ছাতা বন্ধ করে রেলিংয়ের ওপর দুই হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েন। এরপর লোকোমাস্টার ও তার সহকর্মীরা ট্রেন নিয়ে ধীরে ধীরে সেতু পার হন।
লোকোমাস্টার অনায়েত ধ্রুব আরও জানান, ওই ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলেন। ট্রেনের পুরোটা সেতু পার হওয়া পর্যন্ত তিনি ও তার সহকর্মী পেছনে ফিরে ওই ব্যক্তিকে দেখতে থাকেন। শেষ বগি থেকে ট্রেন পরিচালকও ঘটনাটি লক্ষ্য করেন বলে জানান তিনি।
ফেসবুক পোস্টে লোকোমাস্টার এনায়েত ধ্রুব এ ঘটনার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, মহান আল্লাহর রহমতে সম্ভাব্য একটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।