ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

টি-শার্ট ও হাফ প্যান্ট পরায় মেট্রোরেলে অ্যাথলেট স্নিগ্ধকে পোশাক নিয়ে হয়রানির

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টি-শার্ট ও হাফ প্যান্ট পরায় মেট্রোরেলে অ্যাথলেট স্নিগ্ধকে পোশাক নিয়ে হয়রানির

 

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে টি-শার্ট ও হাফ প্যান্ট (স্পোর্টসওয়্যার) পরায় হয়রানির শিকার হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ নামের এক অ্যাথলেট ও সার্টিফাইড রানিং কোচ।

দায়িত্বরত পুলিশ সদস্য ও স্টেশন কর্তৃপক্ষের হাতে তিনি এই হয়রানির শিকার হন বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন স্নিগ্ধ জানান, সকালে রমনা পার্কে ট্রেনিং করানোর পর ফার্মগেটে একটি কাজ শেষ করে জিয়া উদ্যানে অপর একটি ট্রেনিং সেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। টিকিট কেটে মেট্রোরেলে ওঠার সময় দায়িত্বরত পুলিশ সদস্য তাকে ডেকে নিয়ে "অশ্লীল পোশাক" পরা হয়েছে দাবি করে মেট্রোরেলে প্রবেশে বাধা দেন।

টি-শার্ট ও হাফ প্যান্ট পরায় কিসের ভিত্তিতে বাধা দেওয়া হচ্ছে এবং পোশাক সংক্রান্ত নির্দেশনার নিয়ম জানতে চাইলে পুলিশ সদস্যরা তা না দেখিয়ে তাকে নিয়ে হাসাহাসি শুরু করেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে আনা হলেও তারা মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্তের তোয়াক্কা না করে কর্মচারীদের পক্ষ নেন এবং ছবি তুলে তাকে আরও বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেন।

স্নিগ্ধ আরও অভিযোগ করেন, তিনি একজন পেশাদার অ্যাথলেট এবং অনুশীলনের পোশাকেই যাতায়াত করছিলেন—এ বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও দায়িত্বরতরা তার সঙ্গে ঠাট্টা-মশকরা অব্যাহত রাখেন। দীর্ঘ ৪০ মিনিট আটকে রাখার পর অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাকে মেট্রোরেলে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। তবে এত সময় হয়রানি করার পরও দায়িত্বরতদের মধ্যে কোনো দুঃখপ্রকাশের মনোভাব দেখা যায়নি; বরং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মীরা পুরো বিষয়টিকে উপহাসের ছলে নেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ প্রকাশ পাওয়ার পর নেটিজেনরা মেট্রোরেল স্টেশনে যাত্রী হয়রানি ও পোশাক নিয়ে মানসিকতার কড়া সমালোচনা করছেন। একজন অ্যাথলেটকে এভাবে প্রকাশ্যে হেনস্তা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন