শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭:৫০, ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফেলে এক যুবককে হত্যার ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে নাটোরের আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিকিট কেনার মতো টাকা না থাকায় নিহত ওই যুবক ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে যাত্রা শুরু করেন। ট্রেনটি গাজীপুরের হাইটেক সিটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে অবস্থানরত চার ছিনতাইকারী তাকে জিম্মি করে। একপর্যায়ে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
ঘটনার পর চার ছিনতাইকারী ট্রেনেই অবস্থান করছিল। ভোরে ট্রেনটি নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে পৌঁছালে তারা প্ল্যাটফর্মে নেমে পড়ে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা আরএনবির সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ছিনতাই এবং চলন্ত ট্রেনের ছাদ থেকে ওই যুবককে ফেলে দেওয়ার কথা স্বীকার করে বলে জানা গেছে। পরে হাইটেক সিটি স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা ও ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে আইনি প্রক্রিয়া শেষে আটক চারজনকে ঈশ্বরদী রেলওয়ে থানায় (জিআরপি) সোপর্দ করা হয়েছে।