ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩

সান্তাহারে বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন কর্মকর্তা।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছানোর সময় পেছনের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়।

জানা যায়, দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর রাত সাড়ে ১০টার পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

তদন্ত কমিটি লাইনচ্যুতির কারণ, দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে বলে জানান সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন।

তিনি বলেন, ‘কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দিলে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন