শিরোনাম
প্রকাশ: ১৪:৫০, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪২, ৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল।
এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীনের নেতৃত্বে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মহাব্যবস্থাপক আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণকে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও জনসেবায় রেলওয়ের ভূমিকা আরও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের পতন ঘটে। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে বিবেচিত। পরবর্তীতে সরকার দিনটিকে জাতীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সরকারি ছুটির দিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।