শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮:৩৯, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৮:৪০, ৬ অক্টোবর ২০২৬
দিনাজপুরের কাউগা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত সিগন্যাল কেবিনের মালামাল চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
ডিআরএম লালমনিরহাটের অনুমতিক্রমে গঠিত কমিটিতে এসএসএই/সিগন্যাল, লালমনিরহাট আমিনুল ইসলাম-কে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন টি.আই.টি, দিনাজপুর ছহির উদ্দিন এবং ইন্সপেক্টর, আরএনবি, পার্বতীপুর হাবিবুর রহমান।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ কাউগা স্টেশনের পরিত্যক্ত সিগন্যাল কেবিনের বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে।
এরপর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য ডিআরএম লালমনিরহাটের নির্দেশনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে লালমনিরহাটের বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী মোতাহার হোসেন রেল নিউজ ২৪-কে বলেন, “ডিআরএম মহোদয়ের নির্দেশে গত ২৪/০৯/২৬ইং তারিখে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং প্রয়োজনীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণের মাধ্যমে ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অভিযোগের প্রকৃত চিত্র ও দায়-দায়িত্বের বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।