শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:৩২, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২, ২০ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (CITF)-২০২৬। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শুধু রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।” তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ব্যবসা-বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের জন্য বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে হলে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ড. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশের শিল্প ও বাণিজ্যের বিকাশ ত্বরান্বিত হবে। পাশাপাশি উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।