শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:১৩, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৬, ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় যাত্রীসাধারণ ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে আগামীকাল ২১ নভেম্বর তিন রুটের ট্রেন চলাচল বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২০ নভেম্বর) রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, গোপালগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসন এবং রেলওয়ের সংশ্লিষ্ট প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলভবন, ঢাকার অনুমোদনক্রমে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) নির্ধারিত কয়েকটি ট্রেনের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলো হলো—৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল-ঢাকা) এবং ১০৩/১০৪ নম্বর ভাটিয়াপাড়া এক্সপ্রেস (কালুখালী-ভাটিয়াপাড়া ঘাট-কালুখালী)।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ট্রেন চলাচল বাতিলের বিষয়টি যাত্রীসাধারণকে এসএমএসের মাধ্যমে যথাযথভাবে অবহিত করতে হবে। একই সঙ্গে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত (রিফান্ড), রোলিং স্টক ও ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ক্রু ব্যবস্থাপনার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীসাধারণ ও রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে এসব ট্রেনের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।