শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৪৯, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৯, ২০ নভেম্বর ২০২৬
ওয়াশপিটে ফেরার পথে ২০৬৪ নম্বর কোচে ধোঁয়া, ক্ষতিগ্রস্ত ৩–৪টি সিটের কাভার; কয়েলের আগুন থেকে সূত্রপাতের প্রাথমিক ধারণা
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়াশপিটে থাকা অবস্থায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২০ নভেম্বর ২০২৬ তারিখ ভোরে এ ঘটনা ঘটে। দ্রুত আগুন শনাক্ত ও নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এসআর কর্পোরেশনের (প্রোপ্রাইটর মোহাম্মদ রিপন) কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে ওয়াশপিট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত শান্টিংয়ের জন্য নেওয়া হয়। পরে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ট্রেনটি ওয়াশপিটে ফিরিয়ে আনার সময় শান্টিং পয়েন্টসম্যান ও টহলরত, জিআরপি পুলিশের সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ২০৬৪ নম্বর কোচের ভেতর ধোঁয়া দেখতে পান।
বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি ওয়াশপিটে নিয়ে যাওয়া হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
এতে কোচটির ৩ থেকে ৪টি সিটের কাভারের রেক্সিনের ওপরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়।
জানা গেছে, ওই ট্রেনের রেকে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান অবনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ঘটনার সংবাদ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এর সূত্রপাত হয়ে থাকতে পারে।
তবে এখন পর্যন্ত আগুনের প্রকৃত উৎস নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রকৃত দায়ীদেরও শনাক্ত করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে, ট্রেনের বগির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ের ট্রেন ও যাত্রী নিরাপত্তা নিয়ে
উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে ট্রেনের কোচের ভেতরে আগুনের সূত্রপাত হলো এবং এর পেছনে কারও অবহেলা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।