শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০২:৩০, ২১ নভেম্বর ২০২৬
রেলের মূল্যবান সম্পদ রক্ষা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সমন্বয়ে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) স্টেশন এলাকায় এই যৌথ টহল শুরু হয়। টহল দল স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, পার্সেল ও লাগেজ অফিস, গোডাউন, ইয়ার্ড, রেললাইন সংলগ্ন এলাকা এবং পরিত্যক্ত বগি ও সংরক্ষিত মালামাল রাখার স্থানগুলোতে নিবিড় নজরদারি চালায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি স্টেশন এলাকায় রেলের মালামাল চুরি, অবৈধ দখল, মাদকসেবী ও ভবঘুরেদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহলকালে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় এবং অপরিচিত লোকজনকে স্টেশন এলাকায় অযথা ঘোরাফেরা না করতে সতর্ক করা হয়।
এ সময় যাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। যাত্রীদের নিজেদের মালামাল সতর্কতার সাথে রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আরএনবি বা জিআরপিকে জানানোর আহ্বান জানানো হয়।
আরএনবি ও জিআরপির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, _“রেলের সম্পদ রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। চুরি, নাশকতা ও অবৈধ দখল রোধে আরএনবি-জিআরপির এই যৌথ টহল নিয়মিত অব্যাহত থাকবে। রেলের সম্পদ নষ্ট বা চুরির সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”