শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৮:১০, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৬, ১১ এপ্রিল ২০২৬
জামালপুর রেলওয়ে থানাধীন নুরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নুরবানু বেগম (৯০)। তিনি জামালপুর সদর উপজেলার নলকুড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরবানু বেগম দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে এসে বসে বসে লাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জানা গেছে, দুর্ঘটনাস্থলে কোনো অনুমোদিত রেলগেট বা গেটম্যান নেই।
সংবাদ পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা (নং-১৬/২৬) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।