শিরোনাম
হোসাইন রাজিব, স্টাফ রিপোর্টার (পশ্চিমঅঞ্চল)
প্রকাশ: ১৩:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
পার্বতীপুরগামী রামসাগর এক্সপ্রেস-এ চলন্ত অবস্থায় পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে কাউনিয়া রেলস্টেশন ও মীরবাগ রেলস্টেশন-এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুটি সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া এলাকার বাসিন্দা মোঃ তামহিদুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তামহিদুল ইসলাম তার ছেলে ও মেয়েকে নিয়ে কামারপাড়া স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। ট্রেনটি কাউনিয়া স্টেশন অতিক্রম করে মীরবাগের কাছাকাছি পৌঁছালে নিচ থেকে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
নিক্ষিপ্ত একটি পাথর ট্রেনের জানালায় আঘাত করে ভেতরে ঢুকে শিশুটির মুখে লাগে। এতে তার একটি দাঁত উপড়ে যায় এবং ঠোঁট ফেটে গুরুতর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে শিশুটির বাবা মীরবাগ স্টেশনে নেমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা রংপুর রেলওয়ে স্টেশন-এ পৌঁছান।ভুক্তভোগী পিতা অভিযোগ করেন, রংপুর স্টেশনে পৌঁছে দায়িত্বরত জিআরপি পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা “এটি আমাদের এরিয়া নয়” বলে দায়িত্ব এড়িয়ে যান। পরবর্তীতে তিনি স্টেশন মাস্টারকে লিখিতভাবে অভিযোগ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া-মীরবাগ রুটে পূর্বেও একাধিকবার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘিরে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী তামহিদুল ইসলাম বলেন,
“ট্রেনে ভ্রমণ এখন অনিরাপদ হয়ে পড়েছে। আজ আমার ছেলের দাঁত পড়েছে, কাল হয়তো অন্য কারো প্রাণ যাবে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও যাত্রীরা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট রুটে নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।